শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কর্মবিরতি চলছে। সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এই কর্মসূচি চলছে। আজ শনিবার (১৩ জুলাই) এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধিদল।
এর আগে একবার বৈঠকের সময় দিয়েছিলেন কিন্তু পরে বাতিল করেছেন ওবায়দুল কাদের। এবার অবশেষে বসেছেন বৈঠকে। আজ সকাল ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ওবায়দুল কাদের ছাড়াও বৈঠকে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা ও প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
শিক্ষকদের প্রতিনিধি দলে উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড আখতারুল ইসলাম, মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, শিক্ষক নেতা অধ্যাপক ড. মো. আবদুর রহিম, অধ্যাপক শফিউল আলম ভূইয়া, অধ্যাপক ইমতিয়াজসহ আরও অনেক প্রতিনিধি।
প্রসঙ্গত, প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রেখেছেন।


