কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে হিমেল (২৪) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই নতুন বাজার হাবিবনগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক এমদাদ এবং জেলা যুবদলের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজনের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত প্রায় আধা ঘন্টা দুই গ্রুপের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া প্রায় ৩০ জন হয়েছে ।আহতরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় বিকালে আলী আব্বাস রাজনের সমর্থক হিমেল মারা যায়।
পরে বিকালে হিমেল নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনের লোকজন এমদাদের বাড়িসহ ৫ বাড়িতে আগুন দেয়।
পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ সময় ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।


