বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন বলেছেন, নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে দ্রুত মেডিকেল কলেজে রূপান্তর করা হবে। প্রকল্পটি চলমান রয়েছে। তিনি শনিবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন।
মহাপরিচালক সৈয়দপুর রেলওয়ে কারখানা, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ, প্রধান যন্ত্র প্রবৌশলী (সিএমই) সাদেকুর রহমান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ, কারখানার কার্যব্যস্থাপক মমতাজুল ইসলাম, রেলের বিভাগীয় মেডিকেল কর্মকর্তা ডা. আনিসুল হক।
মহাপরিচালক আফজাল হোসেন আরও বলেন, এরই মধ্যে আমরা সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে জেনারেল হাসপাতালে পরিণত করে সর্বসাধারণের চিকিৎসা সেবার জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছি। এছাড়াও রেলওয়ে কারখানা ও রেলের লোকোমেটিভ কারখানা আধুনিকায়ন করে জনবল নিয়োগের ব্যবস্থা করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলের জনবল নিয়োগে আমরা কাজ করছি। দ্রুত সমস্যার সমাধান হবে। স্প্রিং সঙ্কটের কারণে কোচগুলো মেরামত করতে সমস্যা হচ্ছে। তিনি এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সৈয়দপুর রেলওয়ে স্টেশনও আধুনিকায়ন করা হবে। যাত্রীদের সমস্যার কথা গভীরভাবে ভাবা হচ্ছে।
পড়ুন : সৈয়দপুরে জিপিএ ৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা


