আইন, সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল হঠাৎ নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। এছাড়া তিনি মনোহরদী উপজেলায় অবস্থিত একটি প্রশিক্ষণ কেন্দ্র এবং ঐতিহাসিক ব্যক্তি ভাই গিরিশচন্দ্র সেনের বাড়িও পরিদর্শন করেন।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি মনোহরদী ডাকবাংলোতে পৌঁছান। কিছুক্ষণ বিশ্রামের পর গোতাশিয়া ইউনিয়নের একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শিবপুর উপজেলার শাষপুরে অবস্থিত নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। পরে দুপুর ২টার পর মাধবদী থানার অধীনস্থ গিরিশচন্দ্র সেনের পৈত্রিক বাড়ি পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি সংবাদকর্মীদের ভিডিও ধারণ ও সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে নির্দেশ দেন। কেন তিনি আকস্মিকভাবে এসব স্থান পরিদর্শন করলেন, সে বিষয়ে কর্তৃপক্ষের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দুটি প্রতিষ্ঠানেরই পরিদর্শন ও কর্মকর্তা কর্মচারীদের নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল এর গ্রুপ ছবি ফেসবুকে ভাইরাল হয়।
এই সফরে উপদেষ্টার সঙ্গে ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, শিবপুরের এসিল্যান্ড মো. আব্দুর রহিম, ওসি আফজাল হোসেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার প্রমুখ।
উল্লেখ্য, বাংলা ভাষায় পবিত্র কুরআনের প্রথম অনুবাদক ড. গিরিশচন্দ্র সেনের ভিটাবাড়ি ছাড়া তাঁর সব সম্পত্তি দখল হয়ে গেছে—এ নিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর তার পৈত্রিক বাড়ি সংস্কার করে ঐতিহ্য রক্ষা করছে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ। বাড়ির পাশে নির্মিত হয়েছে ‘ভাই গিরিশচন্দ্র সেন জাদুঘর’, যেখানে প্রতিবছর অসংখ্য মানুষ তার স্মৃতিচিহ্ন দেখতে আসেন।
এমন একটি ঐতিহাসিক স্থান পরিদর্শনে হঠাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
পড়ুন: সোনারগাঁয়ে দলিল লিখক হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, পরকীয়া প্রেমিকের মৃত্যুদন্ড
দেখুন: খোলা স্থানে টয়লেট ব্যবহারে শীর্ষে রংপুর, দ্বিতীয় সিলেট
ইম/


