গ্রীসে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি যুবক সুদীপ ঘোষের (৪০) লাশ অবশেষে নিজ বাড়িতে পৌঁছেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগর ঘোষপাড়ার বাড়িতে লাশ এসে পৌঁছায়।
এর আগে মঙ্গলবার রাতে বিমানে করে তার মরদেহ দেশে আনা হয়। প্রবাসীর লাশ বাড়িতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই স্বজন-প্রতিবেশীরা অপেক্ষা করতে থাকেন। লাশ আসার পর কান্নায় ভেঙে পড়ে পরিবার, চারপাশে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্যের।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট গ্রীসে কাজে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান সুদীপ। মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি খুঁটিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সুদীপ ও আরেক আরোহীর মৃত্যু হয়।
সুদীপ ঘোষের আত্মীয় দুলাল ঘোষ জয় জানান, প্রায় এক যুগ আগে সুদীপের বাবা সুকুমার ঘোষ নিখোঁজ হন। বাবার শ্রাদ্ধ করতে বছর দেড়েক আগে তিনি দেশে এসেছিলেন সর্বশেষ। পরিবারে স্ত্রী, ছোট কন্যা সন্তান, মা এবং কাকার পরিবারের সদস্যরা রয়েছেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণে তার দাহ সম্পন্ন করা হয়।
পড়ুন: ৫০ বছর পর বেদখল থাকা ৪ একর জমি বুঝে পেল কোটালীপাড়া থানা পুলিশ
দেখুন: রংপুরে ভোটে বড় ধরণের কোন অভিযোগ নেইঃ সিইসি
ইম/


