ঝিনাইদহের মহেশপুরে পতাকা-ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে উঠেছিল রাজপথ। বুধবার সকাল থেকে নানা আয়োজন আর ঢাক-ঢোলের তালে তালে আনন্দ মিছিলে যোগ দেন বিএনপির নেতা–কর্মীরা। উপলক্ষ—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।
দিবসটি ঘিরে সকালেই মহেশপুর উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং কপোতাক্ষ নদে দেশি-বিদেশি প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।
এরপর দুপুরে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ধানের শীষের প্রতীক হাতে নিয়ে স্থানীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন আর স্লোগানে স্লোগানে মুখরিত করেন পুরো শহর। ঢাক-ঢোল বাজিয়ে এবং গান গেয়ে উল্লাসে মেতে ওঠেন তাঁরা।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, কেন্দ্রীয় কৃষকদলের সহ-যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,উপজেলা কৃষক দলের আহ্বায়ক এম এ আজিজ,প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন,যুবনেতা সাইদুর রহমান সাঈদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সে সময় বক্তারা বলেন, বাংলাদেশে অন্যায়, জুলুম ও দমননীতির রাজনীতি দীর্ঘদিন ধরে চললেও বিএনপি জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে। নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্থানীয় বিএনপির কর্মী শরিফুল ইসলাম বলেন, আজকের দিনে আমরা আবারো শপথ নিয়েছি, দেশ ও জনগণের স্বার্থে আন্দোলন চালিয়ে যাব।
আনন্দঘন এই আয়োজনকে ঘিরে মহেশপুর শহরজুড়ে ছিল উৎসবের আমেজ।
পড়ুন :ভিপি নুরসহ আহতদের সুস্থ্যতা কামনায় ঝিনাইদহে আলোচনা ও দোয়া


