নির্বাচন, দেশ ও গণতন্ত্র নয় বর্তমান ষড়যন্ত্রের মূল লক্ষ্য তারেক রহমানকে নিয়েই, এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিতে উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
শামীম বলেন, গত ১৬-১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করে আসছে। কিন্তু এখনো প্রকৃত গণতন্ত্র ফিরে আসেনি। এই লড়াই চলছে এবং চলবে। যতদিন না জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত আন্দোলন থামবে না।
রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট মো. হাছিবুর রহমান, বিএনপি নেতা এডভোকেট হারুনুর রশিদ বেপারি প্রমুখ। সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পড়ুন :লক্ষ্মীপুরে বাস খালে পড়ে ২ জন নিহত, উদ্ধার কাজে গড়িমসির অভিযোগ


