নওগাঁর আত্রাই উপজেলায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির প্রভাষক নাসরিন আরা, শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা, মোস্তাফিজুর রহমান তোতা, নিলুফা ইয়াসমিন, সাইদুর রহমান, শিক্ষার্থী ফারাজনা ইয়াসমিন, আরাবী আন্তুম, তাসিন আহনাফ এবং অভিভাবক প্রতিনিধি নাসিমা খাতুনসহ অন্যান্যরা।
মানবববন্ধনে বক্তারা বলেন- একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে অপচেষ্টা চালাচ্ছে। ফসবুক লাইভে আমাদের বিদ্যালয়কে ‘যৌনপল্লী’ হিসেবে আখ্যায়িত করেছেন যা অত্যন্ত ন্যক্কারজনক ও মানহানিকর। যদি কোনো অনিয়ম থেকে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখবে। কিন্তু তথ্য প্রমাণ ছাড়াই এমন ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও গর্হিত মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বিদ্যালয়টির শিক্ষার্থী সাফিন আহমেদ, ফারাজনা ইয়াসমিন, আরাবী আন্তুম, তাসিন আহনাফসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের বিদ্যালয়ে ১১৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে ‘যৌনপল্লী’ বলে আখ্যায়িত করা হয়েছে। এতে করে আমাদের বাইরে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। যিনি এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার পরিবারেরও মা-বোন আছে। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘যৌনপল্লী’ বলে আখ্যায়িত করতে পারেন না। যদি তার কাছে কোনো প্রমাণ থাকে, তাহলে তা প্রকাশ করা হোক। আর যদি না থাকে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলেও হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বুলবুল হোসেন বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের শিক্ষক ও প্রতিষ্ঠানকে নিয়ে মিথ্যা ও অশোভন মন্তব্য করা হয়েছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। কোনো প্রকার প্রমাণ ছাড়া একজন ব্যক্তি কেবল মানহানির উদ্দেশ্যে এমন আচরণ করতে পারেন না। যদি প্রকৃতপক্ষে কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের পরিচালনা পর্ষদ রয়েছে, তদন্ত সাপেক্ষে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তবে এমন অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
পড়ুন : নওগাঁর যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড


