বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের তাজের মোড় থেকে শুরু হয়ে ব্রিজের মোড়, বাটার মোড়, সুপারি পট্টি, চুরি পট্টি, মিষ্টি পট্টি, গোস্তোহাটির মোড়, মাছ বাজার, কাঁচা বাজার বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ করেন।
লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক বছর আগেই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
এসময় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, থানায় জিডি
এস/


