বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, মো. মেজবাউল হক বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগ কার্যকর হবে আগামী ১৪ অক্টোবর থেকে।
এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর তার পদে থাকা নিয়ে আপত্তি ওঠে। এরপর তাকে প্রধান কার্যালয় থেকে বদলি করে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে পাঠানো হয়।
মেজবাউল হক দীর্ঘদিন কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগ যেমন- পেমেন্ট সিস্টেম, আইটি এবং অফসাইট সুপারভিশনের দায়িত্বে ছিলেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে মুখপাত্রের দায়িত্ব থেকে সরিয়ে আরেক নির্বাহী পরিচালক হুসনে আরা শিখাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।
ব্যাংকিং ক্যারিয়ারে তিন দশকের বেশি সময় পার করা মেজবাউল হক ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
পড়ুন: প্রিমিয়ার ব্যাংকের বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক
এস/


