পিরোজপুরের ইন্দুরকানী ও পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার ১৩ জন জেলে ভারতের কারাগারে আটক রয়েছেন। তাদের পরিবারের মধ্যে চলছে আহাজারি ও শোকের মাতম।
পরিবার সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বিকেলে মালেক বেপারীর মালিকানাধীন এম.ভি. মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার উদ্দেশ্যে ১নং চালনার খাড়ি বয়া এলাকায় জাল ফেলার পর ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ইঞ্জিন মেরামতের চেষ্টা ব্যর্থ হলে সাগরের স্রোতে ভেসে ট্রলারসহ জেলেরা ভারতের সীমানায় প্রবেশ করে।
পরে ১৭ সেপ্টেম্বর সকালে ভারতের কোস্টগার্ড ট্রলারসহ ১৩ জেলেকে আটক করে পশ্চিমবঙ্গের কাটদ্বীপ জেল হাজতে নিয়ে যায়।
আটক জেলেরা হলেন—খোকন মাঝি (পিতা- আ. মন্নান শেখ), খায়রুল বাশার (পিতা- সিদ্দিক মোল্লা), মিরাজ শেখ (পিতা- সোবাজহান শেখ), তরিকুল ডাকুয়া (পিতা- দেলাওয়ার ডাকুয়া), শহিদুল ইসলাম (পিতা- সৈয়দ আলী), আকরাম খান (পিতা- হাশেম খান), ইউসুফ মোল্লা পিতা- হানিফ মোল্লা, রাজু শেখ পিতা- মন্নান শেখ, রাকিব সিকদার পিতা- বারেক সিকদার, মারুফ বেপারী পিতা- শুকুর আলী বেপারী, আল-আমিন পিতা- সুরাত হাওলাদার, সাং-বাদুর, তরিকুল ইসলাম পিতা- ফারুক জোমাদ্দার, সাং-চাড়াখালী ও শাহাদাত হোসেন পিতা- হেলাল, সাং-উমেদপুর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রলার মালিক মালেক বেপারী জানান, তার ট্রলারসহ সব জেলেকে বর্তমানে ভারতের কারাগারে রাখা হয়েছে।
এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, আটক জেলেদের বিষয়ে ইতোমধ্যে আমরা অবগত হয়েছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন: পিরোজপুরে মহা সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
দেখুন: ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ
ইম/


