রাজবাড়ীতে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে সজিব (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার শ্রীপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকার সাইদুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী শহরের শ্রীপুর তালতলা এলাকায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী সজিব গুরুতর আহত হন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে সজিব নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন : রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে বিএনপির সাবেক এমপি খৈয়মের মতবিনিময় সভা


