চাকমা সার্কেল চিফ (চাকমা রাজা) দেবাশীষ রায় বলেছেন, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের ঘটনা আজকে অনেক দশক ধরে ঘটে যাচ্ছে। কিন্তু কোনো সরকার মননশীলতা নিয়ে এ ধরণের ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকদের আইনের আওতায় আনার জন্য নারীদেরকে রক্ষা করার জন্য এখন পর্যন্ত যথাযথ পদক্ষেপ নিয়েছে বলে আমার চোখে পড়েনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাঙামাটি শহরের রাঙাপানি ফুটবল মাঠে ডা. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন।
দেবাশীষ রায় আরও বলেন, খাগড়াছড়িতে এক নাবালক শিশুকে ধর্ষণের ঘটনায় আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের যেন আইনের আওতায় আনা হয় এবং ভবিষ্যতে ধর্ষণের ঘটনা যেন না হয় তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার। মানুষ উদ্বিগ্ন হবে, রাগান্বিত হবে- এ ধরণের ধর্ষণের ঘটনা ঘটতে থাকলে। কাজেই আশা করি সরকার এটা নিয়ে যথাযথ পদক্ষেপ নিবেন। বিষয়টি হালকা করে নিবেন না।
এসময় উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ ঊষাতন তালুকদার, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও নারী সংস্কারবিষয়ক কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম চাকমা প্রমুখ।
২০২২ সালের যাত্রা শুরুর পর ২০২৫ সালে তৃতীয়বারের মতো ডা. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তিন পার্বত্য জেলা থেকে অংশ নিয়েছে ২৪টি দল। উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি আদিবাসী ফুটবল দল এবং বরকল একাদশ দল ২-২ গোলে ড্র করে।
পড়ুন: রাতে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে
ইম/


