দেবিদূর্গা প্রতিমার পাশে থাকা অসুর এর মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি সংযোজিত একটি ছবি ফেসবুকে পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দ্বীপ্ত কুরি (২৫) নামে এক যুবককে আটক করেছে মাগুরা পুলিশ।
জানা গেছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দ্বীপ্ত কুরি তার নিজ নামের ফেসবুক আইডি থেকে এমন একটি ছবি পোস্ট করে। পরে ছবি পোস্টকে কেন্দ্র করে এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্বীপ্ত কুরির শাস্তির দাবিতে রাস্তায় বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়। দ্বীপ্ত কুরি মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের পয়ারী গ্রামের গৌতম কুরির ছেলে।
স্থানীয়রা জানায়, দ্বীপ্ত কুরি এর আগেও মুসলমানদের নিয়ে ফেসবুকে আজেবাজে পোস্ট করেছে। এখন আবার প্রতিমার উপর দাড়ি ও টুপি সংযোজিত করে সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তার উপযুক্ত শাস্তি দাবি করে স্থানীয়রা।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, আসন্ন দূর্গা পূজার প্রতিমার ছবি কেটে দূর্গার ডানপাশে অসুরের মুখে দাড়ি ও মাথায় টুপি বসিয়ে ছবি পোস্ট করে দ্বীপ্ত কুরি নামে এক যুবক। এই খবর ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্বীপ্ত কুরির বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এলাকা এখন শান্ত আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: মাগুরায় সেরা রিপোর্টার পুরস্কার পেল নাগরিক টিভির প্রতিনিধি
এস/


