বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় চ্যাম্পিয়ানশীপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা মাদারীপুরে শুরু হয়েছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে রবিবার বিকেল ৩টায় মাদারীপুর জেলা স্টেডিয়ামে মাদারীপুর জেলা একাদশ ও রাজবাড়ী জেলা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথম অর্ধে খেলা গোল শুন্যে শেষ হয়। দ্বিতীয় অর্ধের শুরুতেই রাজবাড়ী ১-০ গোলে এগিয়ে যায়। এর কয়েক মিনিটের মধ্যে মাদারীপুর জেলা গোল করে খেলায় সমতা নিয়ে আসে। পরবর্তীতে খেলার ৭৫ মিনিটে মাদারীপুর জেলা গোল করে ২-১ এগিয়ে যায়। কিন্তু খেলার শেষ মুহুর্তে রাজবাড়ী একাদশ গোল করলে খেলা ২-২ গোলে ড্র হয়ে শেষ হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আজমীর হক তন্বী, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, চাতক চাকমা, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবীর,জেলা বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সান্টু খান, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুপুসহ প্রমূখ। টুর্নামেন্টে রাজবাড়ী একাদশের ইকবাল ম্যাচ সেরা পুরস্কার লাভ করেন।
আগামী ১২ তারিখ রাজবাড়ী জেলা স্টেডিয়ামে মাদারীপুর জেলা একাদশ ও রাজবাড়ী জেলা একাদশের খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দলসমূহের অংশগ্রহণে গত ৩০ আগস্ট হতে ৮টি অঞ্চলে বিভক্ত হয়ে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে শুরু হয়েছে। প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২ টি হোম ম্যাচ ও ৩২ টি এ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২ টি দল হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে। প্রত্যেক অঞ্চল হতে ২টি দল চূড়ান্ত পর্বে উন্নীত হবে। চূড়ান্ত পর্বে ৮টি রাউন্ড অব ১৬ এ খেলা, কোয়ার্টার ফাইনাল ৪টি, সেমি ফাইনাল ২টি খেলা এবং তৃতীয় স্থান নির্ধারণ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।
পড়ুন : মাদারীপুরে সদর উপজেলায় দুদকের অভিযান


