‘টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার সংবাদকর্মীদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ইউনিসেফের আর্থিক সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার শুরুতে টাইফয়েড টিকাদানের অনলাইন নিবন্ধন প্রক্রিয়া ভিডিওচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান। তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলায় মোট ২ লাখ ৭৭ হাজার জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৪২ শতাংশ নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টিকাদান কার্যক্রম চলবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের ১ ডোজ টিসিভি টিকা দেওয়া হবে। এই ভ্যাকসিন নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। তাই অভিভাবকদের নির্ভয়ে সন্তানদের টিকা দিতে অনুরোধ করছি।’
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। তিনি বলেন, ‘টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ স্বেচ্ছাসেবক ও সংবাদকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এ কর্মসূচিকে সফল করতে ভূমিকা রাখবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে টাইফয়েড থেকে নিজেকে ও সমাজকে সুরক্ষিত রাখতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. খন্দকার ইমরান হাসিব, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহা এবং জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, শাহ আলম সনি, রফিক রহমান, রিফাত রহমান, হুসাইন মালিক, মফিজ উদ্দিন জোয়ার্দ্দার, পলাশ উদ্দিন ও চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, জিসান আহমেদ প্রমুখ।
ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সমাপনী বক্তব্য রাখেন।
পড়ুন : চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবায় কাজের অঙ্গীকার তরুণ চিকিৎসকদের


