শুষ্ক আবহাওয়ায় ক্রমেই যেন বাড়ছে রাজধানীর বাতাসে দূষণের মাত্রা। বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের তালিকায় শীর্ষ ৭ নম্বরে উঠে এসেছে ঢাকা। সোমবার (২০ অক্টোবর) সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকাল সোয়া ৯টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে পাকিস্তানের লাহোর।
শহরটির বাতাসের মানের স্কোর ২৯৭। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি তালিকার শীর্ষ ২ ও ৩ নম্বরে অবস্থান করছে প্রতিবেশী ভারতের দিল্লি ও মুম্বাই। এরমধ্যে ২৮৩ স্কোর নিয়ে দিল্লির বাতাস নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। এছাড়া মুম্বাইয়ের বাতাসের মানের স্কোর ১৮২। এই মান নগরবাসীদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৭ নম্বরে ১৫২ স্কোর নিয়ে আছে রাজধানী ঢাকা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
অন্যদিকে সোমবার সকালে রাজধানীর ৭ এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- মিরপুরের ইস্টার্ন হাউজিং, কল্যাণপুর, মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, তেজগাঁওয়ের শান্তা ফোরাম ও গোড়ান।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

