বিগত কয়েক মাস ধরে উচ্চ দামে অবস্থান করা সবজির দাম কিছুটা কমেছে। আগে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে থাকলেও বর্তমানে কমে ৫০ থেকে ৮০ টাকার ঘরে এসেছে। বিক্রেতারা বলছেন, নতুন সবজি বাজারে আসতে শুরু করেছে, শীত শুরু হলে নতুন সবজি উঠলে এ দাম আরও কমে আসবে।
রাজধানী ঢাকার বিভিন্ন খুচরা বাজারে মুরগি ও মাছের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও সাধারণ ক্রেতার জন্য তেমন স্বস্তি আসেনি। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, আর পাঙাশ মাছ ১৮০ টাকায়। বিক্রেতারা বলছেন, ব্রয়লারের দাম গত সপ্তাহের তুলনায় সামান্য কমলেও দেশি মুরগি ও অন্যান্য মাছের দাম অপরিবর্তিত রয়েছে। ফলে বাজারে সামগ্রিকভাবে দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়শ প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৪০ টাকা, ঝিঙে প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৫০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার এবং মালিবাগ-বাড্ডা এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০-১৮০ টাকা, লেয়ার মুরগি ৩১০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০ এবং দেশি মুরগি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পাতিহাঁস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে।
বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। পাইকারি পর্যায়ে দাম সামান্য কমেছে, খুচরা বাজারে এর প্রভাবও পড়েছে। তবে দেশি ও সোনালি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।
এছাড়া, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, শিম প্রতি কেজি ১০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, ফুলকপি প্রতি পিস (ছোট) ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস (ছোট) ৫০ টাকা, মূলা প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কচু প্রতি কেজি ৫০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা এবং আলু প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
পড়ুন : http://সোনার দাম আবারও বাড়ল, ভরি ছাড়াল ২ লাখ ১৭ হাজার


