সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়ন পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়নের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ, অবৈধভাবে বালু উত্তোলন, পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তি এবং হাওর এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মিয়া। তিনি বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকা জরুরি। সকলের সহযোগিতায় ধনপুর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।”
সভায় বিশ্বম্ভরপুর থানার এ এস আই সাইফুদ্দিন, চিনাকান্দি বিওপি ক্যাম্প কমান্ডার এমদাদুল হক, মাছিমপুর বিওপি ক্যাম্প কমান্ডারসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, সীমান্তবর্তী এই ইউনিয়নে মাদক ও চোরাচালান রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও আরও সচেতন হতে হবে। এছাড়া হাওর এলাকার নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত মনিটরিংয়ের পরামর্শ দেওয়া হয়।
সভা শেষে চেয়ারম্যান উপস্থিত সকলকে এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় সহযোগিতা করার আহ্বান জানান।
পড়ুন : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সড়কে প্রাণ গেল মা–মেয়ের


