ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি মাদ্রাসায় ৬ জন শিক্ষার্থীসহ ৭ জন বিদ্যুৎস্পৃর্শ হয়েছেন। বুধবার বিকেলে পৌরসভার ভাদুঘর এলাকায় অবস্থিত দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।অসুস্থদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন, জেলার নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জ জেলার আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন (৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার (১২), ভাদুঘর গ্রামের এলাকার কবির হোসেনের মেয়ে নুসরাত (১১), একই এলাকার কাবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৮), কসবা উপজেলার শিমরাইল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে উম্মে তাইসান (০৫) এবং মাদ্রাসার আয়ার দায়িত্বে থাকা ভাদুঘর এলাকার তুফাজ্জল হোসেনের স্ত্রী আলেয়া (২২)।
মাদ্রাসার শিক্ষক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ জানানন, মাদ্রাসাটি চারতলা ভবনে। এর বাইরে বৈদ্যুতিক তারের ওপর একটি কাপড় পড়েছিল। মাদ্রাসার দায়িত্বরত আয়া আলেয়া একটি স্টিলের পাইপ দিয়ে সেই কাপড় জানালা দিয়ে আনার চেষ্টা করেছিল। লম্বা পাইপটি কাপড়ে লাগার সাথে সাথেই স্পৃষ্ট হয়। এতে রুমের ভেতরে থাকা ছাত্রীদের গায়ে লাগে। তারাও আক্রান্ত হন। আমরা ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়েছি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহতদের মধ্যে ৬ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


