বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে তেলিহাটি ইউনিয়নের তালতলী মুরগীর বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচার করতে আয়োজিত এক গ্রাম্য বৈঠকে তিনি এসব কথা বলেন।
তেলিহাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন এর সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ এর সঞ্চালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা সদস্য প্রভাষক জহিরুল ইসলাম কাজল, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
আক্তারুল আলম মাস্টার বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের আশা-আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। বিএনপি উন্নয়ন, ন্যায় ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। জনগণের অধিকার ফিরিয়ে আনতেই আমরা মাঠে নেমেছি।”
তিনি আরও বলেন,“ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক। পরিবর্তনের এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
এসময় তেলিহাটি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

