ডিজিটাল মাধ্যমের প্রসারে মানুষ ক্রমেই বই থেকে দূরে সরে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা দেখা যায় তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে। তবে এখনও কাগজের বইয়ের আবেদন পুরোপুরি হারায়নি; বিশেষ করে উন্নত বিশ্বের মানুষরা উল্লেখযোগ্য সময় বই পড়ার জন্য ব্যয় করেন।
সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের সম্প্রতি প্রকাশিত একটি জরিপে ১০২টি দেশের পাঠক নিয়ে দেখা গেছে, বই পড়ার আগ্রহ বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগজনকভাবে কম।
২০২৪ সালের বৈশ্বিক তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকরা সবচেয়ে বেশি সময় বই পড়েন। প্রতি সপ্তাহে গড়ে তারা প্রায় ৭ ঘণ্টা বই পড়েন, যা বছরে প্রায় ৩৫৭ ঘণ্টার সমান।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, যেখানে মানুষের সাপ্তাহিক গড় পড়ার সময় যুক্তরাষ্ট্রের তুলনায় মাত্র ৫ মিনিট কম, বছরে মোট ৩৫২ ঘণ্টা। যুক্তরাজ্য তৃতীয় অবস্থানে, যেখানে একজন নাগরিক প্রতি সপ্তাহে গড়ে ৬.৫ ঘণ্টা বই পড়েন, বাৎসরিক হিসেবে ৩৪৩ ঘণ্টা।
ফ্রান্স চতুর্থ অবস্থানে, যেখানে সপ্তাহে গড়ে ৫ ঘণ্টা ৫০ মিনিট বই পড়া হয়, বাৎসরিক হিসেবে ৩০৫ ঘণ্টা। ইতালি পঞ্চম অবস্থানে, যেখানে সপ্তাহে ৫ ঘণ্টা ২০ মিনিট, বাৎসরিক ২৭৮ ঘণ্টা বই পড়া হয়।
অন্যদিকে, বাংলাদেশ ৯৭তম স্থানে রয়েছে। একজন বাংলাদেশি গড়ে বছরে মাত্র ২.৭৫টি বই পড়েন এবং বছরে মাত্র ৬২ ঘণ্টা সময় ব্যয় করেন। বাংলাদেশের পরে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত (৬০ ঘণ্টা), সৌদি আরব (৬০ ঘণ্টা), পাকিস্তান (৬০ ঘণ্টা), ব্রুনেই (৬০ ঘণ্টা) ও আফগানিস্তান (৫৮ ঘণ্টা)।


