এবারও ভারতের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশন। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে আবুধাবি। তবে এখনো নিশ্চিত হয়নি এ বছরের অকশনের তারিখ ও স্থান।
ভারতের প্রধান শহরগুলোতে বিয়ে ও উৎসবের মৌসুম শুরু হওয়ায় বড় হোটেলগুলোর ভাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বিসিসিআই। ফলে বাধ্য হয়েই দেশের বাইরে অকশন আয়োজনের সিদ্ধান্ত নিতে হচ্ছে আয়োজকদের।
চলতি মাসের ১৫ নভেম্বরের মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে রিটেনশনের মেয়াদ শেষ হবে। সে কারণেই নতুন করে মিনি অকশন আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই।
গেলো বছর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের মেগা অকশন। এবার হবে মিনি অকশন। প্রাথমিকভাবে ১৫ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হলেও ভেন্যু চূড়ান্ত না হওয়ায় তা পরিবর্তিত হতে পারে। তারিখ ও স্থান নিশ্চিত করতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
ফ্র্যাঞ্চাইজি পর্যায়ে বর্তমানে রিটেনশন ও রিলিজ নিয়ে আলোচনা তুঙ্গে। এর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসনের সম্ভাব্য ট্রেড। আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স তেমন না থাকলেও আইপিএলে তার চাহিদা এখনও অনেক, এবং একাধিক দল তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে।
এছাড়াও, শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রাখা হবে কি না তা নিয়েও চলছে আলোচনা। রাহুল দ্রাবিড়ের কোচিং সময়ে তারা ‘রিলিজ’ তালিকায় থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল।
অন্যদিকে, অভিজ্ঞ ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে ছাড়তে রাজি নয় সানরাইজার্স হায়দরাবাদ। কয়েকটি দল ট্রেড প্রস্তাব দিলেও ফ্র্যাঞ্চাইজিটি তা নাকচ করেছে বলে জানা গেছে।
পড়ুন: দাপুটে জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমালো বার্সেলোনা
দেখুন: শান্তর কাছে পরিণত আচরণ, নিয়মিত পারফরম্যান্সের প্রত্যাশা
আর/


