ঢাকার বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। গত দুদিনে প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, যা তিন দিন আগেও ছিল ৮০ থেকে ৮৫ টাকা।
পাইকারি বাজারে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০৫ টাকা কেজি দরে, যা গত শুক্র ও শনিবার বিক্রি হয়েছিল ৭২ থেকে ৮৫ টাকায়।
রাজধানীর শ্যামবাজারের আড়তদাররা জানিয়েছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
শ্যামবাজারের কুমিল্লা আড়তের ব্যবসায়ী আবুল কালাম বলেন, “পাবনা ও ফরিদপুরের আড়তে পেঁয়াজের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে সারাদেশের বাজারে। পাইকারি বাজারে আগের চেয়ে দাম প্রায় ২০ টাকা বেড়েছে।”
তিনি আরও জানান, সরবরাহ সংকট তৈরি হওয়ায় বাজারে পর্যাপ্ত পেঁয়াজ পাওয়া যাচ্ছে না।
ব্যবসায়ীরা বলছেন, আমদানি কম হওয়া ও পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় মজুতও কমে এসেছে। তাই মোকামে দাম বেড়েছে। তারা ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন।
পড়ুন: ১৪ বছরে জলবায়ু তহবিলে ২ হাজার কোটি টাকা লুটপাট: টিআইবি
আর/


