19 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে : নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। এসব আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো প্রার্থী নাও দিতে পারে। বিএনপির চেয়ারপারসনসহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আমরা প্রার্থী নাও দিতে পারি।

৩০০ আসনেই এনসিপির প্রার্থী দেয়ার লক্ষ্য আছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে। ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।

এসময় জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকার ঠিকভাবে পালন করতে পারেনি বলেই এখনো নিহতের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম, বেগম খালেদা জিয়ার সম্মানার্থে তিনি যে আসনগুলোতে নির্বাচন করবেন, সেগুলোতে আমরা প্রার্থী দেবো না। তবে আমরা এই সিদ্ধান্তটি এখনো অফিসিয়ালি ঘোষণা করিনি। কিন্তু এর মধ্যেই আজকে নাসীরুদ্দীন পাটওয়ারী একটি বক্তব্যে বিষয়টি ঘোষণা করেছেন। আগামী সপ্তাহে আমরা এটি অফিসিয়ালি ঘোষণা করতে পারি।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ছিলেন এবং তিনি কখনোই কোনো ধরনের আপস করেননি। এই জন্য তাকে অনেক অত্যাচার এবং নিপীড়ন সহ্য করতে হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও যাত্রাকে আমরা সম্মান করি। সেই সম্মানে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বেগম খালেদা জিয়া যে তিনটি আসনে নির্বাচন করবেন, সেগুলোতে আমরা প্রার্থী দেবো না।

এর আগে, সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া।

বিজ্ঞাপন

পড়ুন : যারা বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে চান, তারা যোগাযোগ করুন : নাহিদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন