রাজধানীর পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবি জানায়, মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই শুটারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার সংবাদ ব্রিফিং করবে ডিএমপি। সেখানে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
প্রসঙ্গত, সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুই অস্ত্রধারীর গুলিতে নিহত হন মামুন। তিনি আদালতে হাজিরা দিয়ে বের হচ্ছিলেন বলে জানা গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে হাসপাতাল প্রাঙ্গণে ঢুকছিলেন। এ সময় পেছন থেকে মাস্ক পরা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়।
পড়ুন: রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
আর/


