‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, “তরুণদের ওপরই দেশের উন্নয়ন নির্ভর করে। অপেক্ষা নয়—নিজেদের আত্মশক্তিকে জাগ্রত করেই দেশ ও পৃথিবী বদলানোর যাত্রা শুরু করতে হবে।”
সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরী। তিনি বলেন, “তারুণ্যের শক্তি, উদ্যম ও পরিবর্তনের সংকল্পই পারে বাংলাদেশের অগ্রযাত্রাকে সঠিক পথে পরিচালিত করতে।” এসময় তিনি ধৈর্য, সহনশীলতা ও পরমতসহিষ্ণুতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আবদুল্লাহ আল মাসুদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা আরও বলেন, তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, প্রযুক্তির উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। দেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীর জ্ঞান, সৃজনশীলতা ও কর্মস্পৃহা কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও শক্তিশালী উন্নয়ন পথে এগিয়ে যাবে।
আলোচনা সভায় অংশগ্রহণকারী বক্তারা তারুণ্যনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন : দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন


