মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক, জুনিয়র বৃত্তি ও নির্বাচনী পরীক্ষা গ্রহণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
সোমবার (১ ডিসেম্বর) অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়—নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের বার্ষিক, নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা যথাসময়ে গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। এদিকে নবম গ্রেডে বেতনসহ কয়েকটি দাবিতে আজ (সোমবার) থেকে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতিতে যাওয়ার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে আগামী ৭ ডিসেম্বর (রোববার) পর্যন্ত বার্ষিক পরীক্ষা চলবে। আর নির্বাচনী পরীক্ষা ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা।
এ ছাড়া মাউশির ২৯ অক্টোবরের নির্দেশনা অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ২৮ নভেম্বর (রোববার) থেকে ৩১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত দেশব্যাপী সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শ্রেণিতে অনুষ্ঠিত হবে।
এসব পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ পরীক্ষাসমূহ গ্রহণে শিক্ষক-কর্মকর্তার কোনও প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।
এদিকে দাবি আদায়ে কর্মবিরতির কথা জানিয়েছেন মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা। শিক্ষক নেতারা ঘোষণা দিয়েছেন, সরকার তাদের দাবি না মানলে চলমান পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে।
পড়ুন: প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ৫ বছর ও রেহানার ৭ বছরের কারাদণ্ড
আর/


