সুনামগঞ্জ জেলার রাজনৈতিক অঙ্গনে এক মাসের অপেক্ষার অবসান ঘটল। বিএনপি কেন্দ্রীয়ভাবে ঘোষণা দিল সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নাছির উদ্দিন চৌধুরীকে ধানের শীষের প্রার্থী হিসেবে। বৃহস্পতিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। এতে দুই আসনের রাজনীতিতে নতুন গতি ও উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
প্রার্থী ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু বলেন—দলের কঠিন সময়ে রাজপথে সংগ্রাম করা নেতারাই আজ মূল্যায়িত হয়েছেন। তাই অতীতের সব মতপার্থক্য ভুলে নুরুল ইসলাম নুরুলকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে বলে তিনি মন্তব্য করেন।
দিরাই ও শাল্লার স্থানীয় সরকার বিষয়ক সাবেক সম্পাদক রতন কুমার তালুকদার বলেন—এ দুটি আসন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটল। নাছির উদ্দিন চৌধুরী ও অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করায় তিনি কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে সুনামগঞ্জের পাঁচ আসনেই ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানান রতন।
ঘোষণার পর নিজ নিজ প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও নাছির উদ্দিন চৌধুরী দু’জনই বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং প্রার্থীতা দেওয়ার জন্য তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা জানান—এ লড়াই শুধু নির্বাচনের নয়, এটি দলের অস্তিত্ব রক্ষার সংগ্রাম।
এদিকে নাছির উদ্দিন চৌধুরী এটিকে তার ‘জীবনের শেষ নির্বাচন’ আখ্যা দিয়ে দিরাই-শাল্লাবাসীর প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে নুরুল ইসলাম নুরুল বলেন—বিএনপি একটি বৃহৎ দল, প্রতিযোগিতা থাকেই। কিন্তু শেষ পর্যন্ত সবাই জিয়ার আদর্শের সৈনিক। তাই সকলকে একসাথে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ জানান তিনি।
পড়ুন : খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল


