বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করছেন।
যদিও তার আগেই যদি ফ্লাইটের ব্যবস্থা নিশ্চিত হয়, তাহলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশে একটি দল ঢাকা ছাড়বে।
তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন তার ফেসবুক পোস্টে তথ্যটি নিশ্চিত করেন।
পোস্টে তিনি লিখেছেন, “মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা, দেশবাসীর আন্তরিক দোয়া এবং কূটনীতিকদের সহযোগিতায় ম্যাডামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ। উন্নত ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে তাকে খুব দ্রুত লন্ডনের হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয়েছে।”
মাহদী আমিন আরও জানান, “এই পুরো চিকিৎসা ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে আছেন ডা. জোবাইদা রহমান, যিনি লন্ডন থেকে সার্বিক সমন্বয় করছেন। তিনি আজই রওনা দিয়ে আগামীকাল সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবেন, যেন দেশনেত্রীকে নিয়ে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডনে যেতে পারেন।”
পড়ুন : খালেদা জিয়ার জন্য শুক্রবার সারাদেশে দোয়া-প্রার্থনার আহ্বান সরকারের


