নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন বলেছেন, “বিধ্বস্ত শিবপুরকে রক্ষা করতে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। তাই সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামের পক্ষে থাকার আহ্বান জানাই।” শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে শিবপুর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ইটাখোলা মোড়ে এক গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান কাউছারের নেতৃত্বে হাজারো কর্মী-সমর্থক নিয়ে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য মাওলানা মো. আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য অধ্যাপক আতাউর রহমান, শিবপুর পৌরসভা জামায়াতের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
মাওলানা আমজাদ হোসাইন তার বক্তব্যে শিবপুরবাসীদের উদ্দেশে আরও বলেন, “আগামী দিনের শিবপুর হবে দাঁড়িপাল্লার শিবপুর। জামায়াতে ইসলামীর প্রতি মানুষের ভালোবাসা আজ আরও দৃঢ় হয়েছে। দেশ গড়া, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আপনারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আজ শিবপুরে এসে দাঁড়িয়েছেন-আমরা বিশ্বাস করি, এখানকার মানুষ আজ দাঁড়িপাল্লায় ভোট দিতে মুখিয়ে আছে।”
পড়ুন : নরসিংদীতে জামায়াতের সভায় হামলার প্রতিবাদে ৮ দলের যৌথ প্রতিবাদ সভা


