ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ লাখ ২৩ হাজার ৬৯৯ জন প্রবাসী বাংলাদেশি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। এর মধ্যে ২ লাখ ৩ হাজার ৫৭৮ জন পুরুষ ও ২০ হাজার ১২১ জন নারী।
এই তথ্য জানা গেছে রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে।
দেশভিত্তিক নিবন্ধনে সবচেয়ে বেশি প্রবাসী ভোটার রয়েছেন সৌদি আরবে (৫১,৬৪৯ জন), এরপর যুক্তরাষ্ট্র (১৯,৫৯৯), কাতার (১৩,০৯৮), সংযুক্ত আরব আমিরাত (১২,৫০০), মালয়েশিয়া (১২,১৬২), সিঙ্গাপুর (১২,১৩৩), যুক্তরাজ্য (১১,১৯৮), দক্ষিণ কোরিয়া (৯,৫১১), কানাডা (৯,২৮০), অস্ট্রেলিয়া (৭,৯২৪) ও ইতালি (৭,৬০৮)।
পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার (প্রবাসী) অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিন। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিন।
২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আউট অব কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন বিশ্বের যেকোনো জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারেন।’
ইসি সচিব বরেন, নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হবে।
আখতার আহমেদ আরও বলেন, আইসিপিভি ইন-কান্ট্রি পোস্টাল ভোটের বিষয়ে তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের মেয়াদে নিবন্ধনের প্রক্রিয়াটি চালু করা হবে।
পড়ুন: গুম-নির্যাতন : ট্রাইব্যুনালে হাজির তিন সেনা কর্মকর্তা
আর/


