লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অজ্ঞাত এক যুবক। ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৪টার দিকে। আগুনে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরমসহ কিছু পুরোনো সরঞ্জাম পুড়ে গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরা একজন যুবক গেটের পাশের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যে আগুন জ্বলে ওঠে, এরপর দ্রুত সে বেরিয়ে যায়।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, উক্ত যুবক জানালার কাঁচ ভেঙে বা খুলে পেট্রোল ঢেলে আগুন ধরায়। ভিতরে ঘুমন্ত দারোয়ান টের পেয়ে চিৎকার করলে আগুন দেওয়া যুবক পালিয়ে যায়।
তিনি আরও বলেন, আগুনে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম, একটি অকেজো ডেস্কটপ ও কিছু সরঞ্জাম পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চলছে।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, নির্বাচন অফিসসহ সব সরকারি কার্যালয়ের নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘটনার পর পরই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
পড়ুন : লক্ষ্মীপুরে ফের অবৈধ ইটভাটায় অভিযান, ২০ দিনে উচ্ছেদ ৪০টি


