কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব, সাহিত্যিক ও নির্মাতা আমজাদ হোসেনের প্রয়াণ দিবস উপলক্ষে তার জন্মস্থান জামালপুরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে জামালপুরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদনকালে আমজাদ হোসেনের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে উপস্থিতরা এক মিনিট নীরবতা পালন করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আমজাদ হোসেন ছিলেন একাধারে একজন খ্যাতিমান বাংলাদেশি সাহিত্যিক, শক্তিমান অভিনেতা, সফল চিত্রনাট্যকার ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা। চলচ্চিত্রের গল্প রচনা থেকে শুরু করে চিত্রনাট্য, সংলাপ, গান—প্রায় প্রতিটি ক্ষেত্রেই তার ছিল অনন্য দক্ষতা। সে কারণেই তার চলচ্চিত্রের বিজ্ঞাপনে গর্বের সঙ্গে লেখা হতো— “একটি আমজাদ হোসেন চলচ্চিত্র”। ঢালিউড চলচ্চিত্রাঙ্গনে তিনি কিংবদন্তির মর্যাদায় অধিষ্ঠিত হয়ে আছেন।
১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্ম নেওয়া আমজাদ হোসেন শৈশবকাল থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত হন। তার লেখা কবিতা প্রকাশিত হয় তৎকালীন ‘দেশ’ পত্রিকায়। পঞ্চাশের দশকে তিনি পুরোদমে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। একই সঙ্গে ঢাকায় মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জগতে তার পথচলা শুরু হয়।
১৯৬১ সালে ‘তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে তার। একই বছর তিনি অভিনয় করেন ‘হারানো দিন’ চলচ্চিত্রে। পরে ১৯৬৩ সালে তার লেখা নাটক অবলম্বনে পরিচালক সালাহউদ্দিন নির্মাণ করেন ‘ধারাপাত’ চলচ্চিত্র, যা তাকে চলচ্চিত্র নির্মাণ ও চিত্রনাট্যকার হিসেবেও আলাদা স্বীকৃতি এনে দেয়।
আমজাদ হোসেনের সৃষ্টিকর্ম আজও বাংলা চলচ্চিত্র ও সাহিত্যে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। প্রয়াণ দিবসে তাকে স্মরণ করে জামালপুরবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেন।
পড়ুন- শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ


