নীলফামারীর সৈয়দপুরে হিংস্র কুকুরের হামলায় এক নারী গুরুতর আহত হওয়ার ঘটনায় কুকুর মালিককে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশাল পাড়ায় সৈয়দপুর–পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী এ অবরোধ চলে। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়,শনিবার (১৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশাল পাড়া গ্রামের বোছাপাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের কন্যা, দুই সন্তানের জননী মুক্তা বেগম (২৬) কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় একই এলাকার একটি টোবাকো কাটিং কোম্পানির পাঁচটি বিদেশি পোষা কুকুর একযোগে তার ওপর হামলে পড়ে। কুকুরগুলো শরীরের বিভিন্ন স্থানে কামড়ে তাকে গুরুতরভাবে আহত করে।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে জানায়, কুকুর কামড়ের ঘটনায় টোবাকো কোম্পানির ম্যানেজার আইয়ুব আলী ও মালিক আয়েশা সিদ্দিকা নেপালীর কাছে অভিযোগ জানালে তারা সহানুভূতি দেখানোর পরিবর্তে উল্টো মারপিটের হুমকি দেন। এ ঘটনায় ওই দিনই আহত নারীর বাবা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে চারজনকে আসামি করা হয়। তারা হলেন— কোম্পানির মালিক আয়েশা সিদ্দিকা নেপালী, ম্যানেজার আইয়ুব আলী (৫৫), মোঃ সবুজ ও মোঃ আসিফ।
এদিকে আজ রোববার দুপুরে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসী ব্যানার হাতে নিয়ে সড়ক অবরোধে নামেন। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলা অবরোধে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
এ সময় পালানোর চেষ্টাকালে টোবাকো কোম্পানির ম্যানেজার আইয়ুব আলীকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। অন্য আসামিরা বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম রেজা বলেন, “হিংস্র কুকুরের হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা সড়ক অবরোধ করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে।
পড়ুন- যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
দেখুন- অ/স্ত্র দিয়ে নয় ভালোবাসা দিয়ে কারাবরণ করাবো: মহিউদ্দিন রনি |


