মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনায় শপথ গ্রহণ করেছেন জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষে তারা এ শপথ গ্রহণ করেন। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ রেজবুল কবির উপস্থিত নেতাকর্মীদের এ শপথ বাক্য পাঠ করান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বরগুনা পৌরসভার সার্কিট হাউস মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে এ শপথ গ্রহণ করা হয়।
শপথ বাক্য পাঠে বলা হয়, তারেক রহমানের নেতৃত্বাধীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শপথ করছি যে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সচেষ্ট থাকবো। বাংলাদেশের ষড়যন্ত্রকারী চক্রকে আমরা যে কোনো ভাবে নির্মূল করে আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করবো। বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠেছিল তাদেরকে নির্মূল করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতার সকল মানুষ রক্ত ও ইজ্জত দিয়েছে। রক্ত ও ইজ্জতের এবং স্বাধীনতা রক্ষার জন্য সর্বোচ্চ সজাগ থাকবো।
শপথে আরও বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার শত্রুদের মোকাবিলা করে জাতীয়তাবাদী শক্তিকে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শপথ গ্রহণের বিষয়ে বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ রেজবুল কবির বলেন, স্বাধীনতার বিরোধী যে সব শক্তি তারা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষে বরগুনায় জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ থাকতে শপথ গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও স্বাধীনতার স্বপক্ষের দল বিএনপিকে আগামী নির্বাচনে জয়ী করতে এ শপথ গ্রহণ করা হয়।
পড়ুন- বিজয় দিবসে যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন হয়নি, মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ


