নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানীতে শুরু হয়েছে ছয়ানী প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিপিএল) সিজন-০৪।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ছয়ানী রাজকন্যা কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নূর গ্রুপের পৃষ্ঠপোষকতায় ছয়ানী স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত এই প্রিমিয়ার ক্রিকেট লীগে ইউনিয়নের মোট ৯টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিপিএলের সভাপতি তোফাজ্জল হোসেন জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রুপায়ন এন্টারপ্রাইজের মালিক ও বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন মো. জাহাঙ্গীর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশ ঘটায় এবং নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত কাজের মানসিকতা তৈরি করে।
বক্তারা বলেন, নূর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রবাসে থেকেও গ্রামের মানুষ এবং যুবসমাজের কথা চিন্তা করে খেলাধুলা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় পৃষ্ঠপোষকতা করে আসছে। গ্রাম পর্যায়ে এমন টুর্নামেন্ট আয়োজন সামাজিক অবক্ষয় রোধের পাশাপাশি ভবিষ্যতের প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, বর্তমান চেয়ারম্যান অহিদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট রবিউল হাসান পলাশ, ক্রীড়া সংগঠক নিজাম উদ্দিন চৌধুরী, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজসেবক মো. নূর নবী চৌধুরী এবং প্রবাসী সমাজসেবক মাহমুদুর রহমান মানু।
বৃহস্পতিবার দুপুর ২টায় উদ্বোধনী খেলার মাধ্যমে টুর্নামেন্টের খেলা শুরু হবে। আগামী ০৩ জানুয়ারী ফাইনাল খেলার মধ্যদিয়ে সিপিএল সিজন-০৪ এর পর্দা নামবে।
পড়ুন: ইসলামপুরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল
দেখুন: সৈয়দপুরে যেভাবে পালিত হলো পবিত্র আশুরা |
ইম/


