সারাদেশের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি (তফসিল) জারি করা হয়েছে। ইতিমধ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপনও জারি হয়েছে।
রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে নির্বাচনি নথি, মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসব অফিসে থাকা গুরুত্বপূর্ণ নথি ও মালামালের সুরক্ষা নিশ্চিত করা, পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
নির্বাচন কমিশন এই কারণে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সদয়ভাবে নির্দেশনা প্রদান করার অনুরোধ করেছে।
পড়ুন: খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ
আর/


