চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জন ছাত্র-জনতা হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন আজ নির্ধারিত রয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ মামলায় প্রসিকিউশনের পক্ষে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করা হয়। অপরদিকে গ্রেপ্তার ও পলাতক আসামিদের আইনজীবীরা অব্যাহতির আবেদন জানান। গত ২১ ডিসেম্বর পলাতক দুই আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। উপস্থিত দুই আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ। শুনানিতে প্রত্যেকেই ডিসচার্জের আবেদন করেন। এ বিষয়ে আদেশের জন্য ট্রাইব্যুনাল আজকের দিন ধার্য করেন।
সেদিন প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মঈনুল করিম ও শাইখ মাহদী।
রেদোয়ানুল ইসলাম ছাড়া গ্রেপ্তার অপর আসামিও বিজিবিতে কর্মরত ছিলেন। তিনি মেজর মো. রাফাত বিন আলম। পলাতক রয়েছেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।
পড়ুন: অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দাম
আর/


