দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, সাংঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক বলেন, বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী। তিনি দিনাজপুরের কন্যা। এর আগে দিনাজপুরবাসি তাঁকে ভোট দেয়ার সুযোগ পায়নি। এবারে তাঁকে প্রার্থী হিসেবে পেয়েছে। দিনাজপুর সদরের ভোটাররা অধীর আগ্রহে তাঁকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। দিনাজপুর সদরের ভোটাররা বিপুল ভোটে তাঁকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর সদর আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। তারা আশা করছেন বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
পড়ুন: সুনামগঞ্জে বিএনপির চূড়ান্ত প্রার্থী আনিসুল, নুরুল, কয়ছর ও মিলকে ঘোষণা
দেখুন: ‘বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ৩ বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের’ |
ইম/


