দীর্ঘদিন পর নিরপেক্ষ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে দেশের মানুষ। এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত খুলনা-২ আসনের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, “এটি একটি স্মরণীয় দিন। টানা তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেই বেদনা নিয়েই তারা অপেক্ষায় ছিল।”
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, “জুলাই বিপ্লবের রক্তসিক্ত রাজপথ দিয়েই গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আজ সেই নির্বাচনী যাত্রায় আনুষ্ঠানিকভাবে পা রাখলাম।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং অসংখ্য নেতাকর্মীর রক্তের বিনিময়ে আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা একটি মানবিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। এই বাংলাদেশে অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি ও দখলদারিত্বের কোনো স্থান থাকবে না।”
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম মঞ্জু খুলনাবাসীর কাছে দোয়া ও সর্বাত্মক সমর্থন কামনা করেন।
এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে নগরীর কেডিএ এভিনিউয়ের তেঁতুলতলা দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে তিনি টুটপাড়া কবরস্থানে গিয়ে তার পিতা-মাতার কবর জিয়ারত করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, কাজী মো. রাশেদ, অ্যাডভোকেট আকরাম হোসেন, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, তরিকুল ইসলাম জহির, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, অ্যাডভোকেট গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, সাদিকুর রহমান মবুজ, গিয়াস উদ্দিন বনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চলসহ ওয়ার্ড, থানা ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।
পড়ুন- বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, মেঘনা নদীতে লাশ ফেলার অভিযোগ


