উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনটা কেউ করলে তাদের পুলিশে দেওয়ার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ‘আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ অনুরোধ করে আমার সঙ্গে ছবি তুলেছেন। এখন শুনছি এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায় করছেন। বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
আইন উপদেষ্টা বলেন, ‘কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি চাঁদা কিংবা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। সেইসঙ্গে মামলা করবেন। আর মামলার কপি আমার ফেসবুক পেজে পাঠিয়ে দেবেন। অবশ্যই চেষ্টা করবো এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।’
তিনি আরও বলেন, ‘এসব কাজ যারা করছেন বা চেষ্টা করছেন তাদের আমি কঠোর হুঁশিয়ারি দিচ্ছি। বাংলাদেশের মানুষের সঙ্গে কোনোরকম অন্যায় করবেন না। আমাদের কারও নাম ব্যবহার করবেন না। আমাদের নামে চাঁদাবাজি ও অবৈধ সুবিধা আদায় কিংবা কোনো ধরণের হুমকি দেওয়া থেকে বিরত থাকবেন।’


