নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুঁরচর গ্রামে রাতের আঁধারে প্রায় এক হাজার লাউ গাছের চারা কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় দরিদ্র কৃষকরা। এসব লাউ বিক্রির ওপরই নির্ভর করে চলতো তাদের পরিবারের জীবিকা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, গতকাল গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে ক্ষেতের সব লাউ গাছের চারা কেটে ফেলে। সকালে জমিতে এসে তারা দেখতে পান—মাসের পর মাসের পরিশ্রম এক রাতেই শেষ। অনেক কৃষকের চোখে তখন কান্না, কেউ কেউ পরিবার নিয়ে কীভাবে দিন কাটাবেন তা ভেবেই দিশেহারা।
এক কৃষক জানান,
“এই লাউ গাছই ছিল আমাদের একমাত্র ভরসা। ঋণ করে চাষ করেছি। এখন সব শেষ। আমরা এখন পথের ভিখারী হয়ে গেলাম।”
স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতা থেকেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় কৃষকরা দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সরকারি সহায়তা দাবি করেছেন। তারা বলেন, ক্ষতিপূরণ ও পুনরায় চারা রোপণের সহযোগিতা না পেলে পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি
দেখুন: ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন?
ইম/


