চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর আনারুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জেলা শহরের বটতলাহাট এলাকার মীরের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনারুল ইসলাম বটতলাহাট এলাকার মৃত মিনারুল হকের ছেলে। তিনি গত ৪ জানুয়ারি সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহের পরিচয় নিশ্চিত করেন।
সদর মডেল থানা পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন- খুলনার নির্বাচনী মাঠে এবার অনুপস্থিত খান এ সবুরের মুসলিম লীগ


