যশোরে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে সদর উপজেলার রাজারহাট এলাকায় অভিযান তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা ছাব্বির আহমেদের মেয়ে সকিনা আক্তার (৩০) এবং একই ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা ফজল আহমেদের মেয়ে শুকতারা (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক পারভিন আক্তার জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ডিএনসি যশোরের একটি আভিযানিক দল রাজারহাট মোড়ের বিকে সিটি হোটেল এন্ড রিসোর্ট’-এর সামনে যশোর-খুলনা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই দুই নারীকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে সকিনা আক্তারের হেফাজত থেকে ৬ হাজার পিস এবং শুকতারার হেফাজত থেকে ৮ হাজার পিসসহ মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পড়ুন : যশোরের শার্শায় ভেজাল গুড় কারখানাসহ তিন প্রতিষ্ঠানে জরিমানা


