সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে খুলনায় মুফতী আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ( ১৯ জানুয়ারি) খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে মুফতী আমির হামজাকে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ওই বক্তব্যের মাধ্যমে কোকোর পরিবার, বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্টদের সম্মানহানি ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বক্তব্য ছড়িয়ে পড়ার ফলে কোকো স্মৃতি সংসদের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিষয়টি জনমনে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়।
আইনজীবী বাবুল হাওলাদার বলেন, মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত এ বিষয়ে পরবর্তী আইনগত সিদ্ধান্ত দেবেন।


