নওগাঁয় ধান বোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের রফিকুলের ছেলে আরিফুল ইসলাম আরিফ(৩০), বড় বাতাইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রফিকুল ইসলাম অপু (৩১), একই উপজেলার রাজা মিয়ার ছেলে সাজিদুল ইসলাম সবুজ (২৩), পলুপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে গোলাপ (২৪), সদুল্যাপুর উপজেলার বলিদহ গ্রামের ওয়াহেদ আলীর ছেলে লাভলু (২৮) এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরকাকাটা চানপুর গ্রামের দেলোয়ার হোসেন শরীফের ছেলে রাকিব হোসেন শরীফ (২৭)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২২ তারিখে দিনাজপুর জেলা বদরগঞ্জ থেকে একটি ট্রাক ২৫০ বস্তা (৫০০ মন) ধান নিয়ে নওগাঁয় আসছিলেন। এসময় রাত দেড়টার দিকে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ফাঁকা রাস্তায় ট্রাকটি পৌছাঁলে সামনে ব্যারিকেড দেয় ডাকাতদল। পরে ট্রাকের ড্রাইভার মারুফ ও হেলপার শামীমকে মারধোর করে রশি দিয়ে হাত-পা বেঁধে ডাকাতদল ধান বোঝাই ট্রাকটি ডাকাতি করে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সুপার আরো বলেন, এঘটনায় সদর থানায় একটি মামলা হলে ডাকাত দলকে শনাক্ত করে ডাকাতদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে মাঠে নামে পুলিশ।একপর্যায়ে শিবগঞ্জ থানার মোকামতলা তদন্ত কেন্দ্রে একটি ট্রাক ও সন্দেহজনক আরিফুল ইসলাম আরিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি তাকে নিয়ে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোলাপ ও লাভলুকে গ্রেপ্তারের পর তাদের নিয়ে ডাকাত সর্দার সামিউল ইসলামকে ধরতে গাজিপুরে অভিযান চালানো হয়। এসময় তিনি পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে গেলেও আশুলিয়া, সাভার, কামরাঙ্গীরচর এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে রাকিব হোসেন শরীফ, রফিকুল ইসলাম অপু ও সাজিদুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।
এঘটনায় অন্য ডাকাতদের গ্রেপ্তার এবং ডাকাতির মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলেও পুলিশ সুপার জানান।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


