নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না—এমন ধারণা ভুল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নারীরা ঘর থেকে বের হতে পারবেন, কর্মস্থলে মর্যাদার সঙ্গে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনীতে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচনি জনসভায় ফেনীতে মেডিকেল কলেজ নির্মাণের আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, আমরা ঘোষণা দিচ্ছি ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশের কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। আল্লাহ যদি দেশবাসীর সেবা করার তৌফিক আমাদেরকে দেন, ইনশাআল্লাহ, ফেনী তার পাওনা পেয়ে গর্বিত হবে।
ফেনীবাসীকে আশ্বস্ত করে জামায়াত আমির বলেন, এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সে বাঁধ এখনও নির্মাণ হয়নি। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে এর সমাধান খুঁজে বের করব, ইনশাআল্লাহ। কারণ, আমার দেশ রক্ষা করার অধিকার আমার। এই দায়িত্ব আমাকে নিতেই হবে। এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারব না।
তিনি বলেন, ফেনীতে মানসম্মত কোনো স্টেডিয়াম নেই। বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে। এই জেলার বিপুলসংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন। ফেনীবাসীকে তাদের পাওনা দেবই, ইনশাআল্লাহ। ফেনী স্টেডিয়ামকে মানসম্মত ও আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে নির্মাণ করা হবে, ইনশাআল্লাহ।
ফেনীর জনসভা শেষে ডা. শফিকুর রহমান শুক্রবার বেলা সাড়ে ৩টায় লক্ষ্মীপুর, সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার লাকসাম এবং সাড়ে ৭টায় কুমিল্লা মহানগরীতে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। তিনি রাতে কুমিল্লায় অবস্থান করবেন।
পড়ুন:ফেনীতে জামায়াতের জনসভায় মানুষের ঢল
আর/


