শেরপুর(শ্রীবরদী-ঝিনাইগাতী) ৩ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা মঞ্চে চেয়ারে বসা নিয়ে বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলার প্রতিবাদে ও মাওলানা রেজাউল করিম হত্যার সুষ্ঠু বিচার ও অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে শেরপুর। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট ও বটতলা হয়ে ডিসি গেটের সামনে গিয়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়। মিছিলে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ ১০ দলীয় ঐক্যজোটের শরিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, শেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। তিনি বলেন, “রাজনৈতিক শিষ্টাচার বহির্ভ‚তভাবে জামায়াত কর্মীদের ওপর যে হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি, জেলা এনসিপির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়াসহ অনেকে। এছাড়াও স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য প্রদান করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামলা চলাকালীন এবং পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
বিক্ষোভে সংহতি প্রকাশ করে ১০ দলীয় ঐক্যজোটের স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হামলার ঘটনায় জোটের পক্ষ থেকেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
পড়ুন: নোয়াখালীর হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১২
দেখুন:হিরো আলমকে মা*রধর: বিচারের আশা যুক্তরাষ্ট্রের, জাতিসংঘের উদ্বেগ |
ইম/


