আসন্ন গণভোটে দলমত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই সনদকে সম্মান করতে হবে। সে জন্যেই আপনাদের সকলকে অনুরোধ করব- ধানের শীষে যেমন সিলটা দেবেন ১২ তারিখে। একই সাথে দ্বিতীয় যে ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং না-এর, সেখানে হ্যাঁ-এর পক্ষে আপনারা রায় দেবেন।
তারেক রহমান বলেন, “রংপুর আবু সাঈদের পবিত্র রক্ত মেশানো মাটি। এখানে আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, সেই ঐক্য ধরে রাখতে হবে। নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ উল্লেখ করে তিনি জনগণকে অধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানান।
এ সময় তারেক রহমান বলেন, বিএনপির পক্ষেই সম্ভব দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করা। দুর্নীতির লাগাম টেনে ধরাও একমাত্র বিএনপির পক্ষে সম্ভব, দুর্নীতির রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, এই দেশকে গড়ে তুলতে হলে সকলকে একসঙ্গে পরিশ্রম করতে হবে। আপনাদের সমর্থন ধানের শীষে থাকলে উত্তরবঙ্গ আর পিছিয়ে থাকবে না।
তারেক রহমান বলেন, সরকার গঠন করলে, আবু সাঈদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে আগামী ১৩ তারিখ থেকে বিএনপি কাজ শুরু করবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো কাজ করা হয়নি। রংপুর অঞ্চলের কয়লা উত্তোলন করতে পারলে আমরা এই অঞ্চলের অনেক উন্নয়ন করতে পারবো।
তিনি বলেন, রেজিস্ট্রার্ড এনজিও থেকে যারা ক্ষুদ্র ঋণগ্রস্ত আছেন, বিএনপি সরকার গঠন করলে সেগুলো সরকার পরিশোধ করবে।
তারেক রহমান বলেন, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের দ্বারা চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি। সাধারণ মানুষের অংশগ্রহণে হয়েছে। নির্বাচনের দিন তাই সঠিক ব্যক্তিকে বেছে নিতে আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে।
তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে। ফজরের ওয়াক্তে গিয়ে ভোট কেন্দ্রের সামনে জামাত আদায় করতে হবে। লাইন দিয়ে দাঁড়াতে হবে।
পড়ুন : বিএনপি জোটকে ভোট দিতে চায় ৫২.৮০ শতাংশ ভোটার, ইনোভিশনের তৃতীয় জরিপ


